1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তারেক রহমানের উপহারের নতুন ঘরে উঠলো ছোট্ট আফিয়া - সংবাদ এইসময়
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

তারেক রহমানের উপহারের নতুন ঘরে উঠলো ছোট্ট আফিয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

অ্যালবেনিজম রোগে আক্রান্ত ও গায়ের রং ‘অতি ফর্সা’ হওয়ায় যে শিশুকে তার বাবাই স্বীকার করেননি, সেই যশোরের ছোট্ট আফিয়ার জীবনে এলো নতুন আশার আলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে প্রতিশ্রুত নতুন ঘরে উঠেছে আফিয়া ও তার মা।

সোমবার (১৯ জানুয়ারি) আফিয়া ও তার মায়ের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান।

এসময় তিনি বলেন, “দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে কেবল স্লোগান, মিছিল-মিটিং কিংবা দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আগামীর রাজনীতি হবে মানুষের জন্য, মানুষের কল্যাণে।”

তারেক রহমান আরও বলেন, “ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে শক্তিশালী করা হবে। ভবিষ্যতে আবারও খাল খনন কর্মসূচি চালু করে পানির সংকট দূর করা হবে।”

গ্রামীণ স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাতে মানুষ ঘরে বসেই মৌলিক চিকিৎসাসেবা পেতে পারে।”

বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি অবহেলিত মসজিদের ইমাম-খতিবসহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলটির নেতৃবৃন্দ।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বিএনপির চেয়ারপার্সনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতারাও।