আন্তর্জাতিক ডেস্ক
ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। বিভিন্ন দেশে সড়ক, আকাশ ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ফ্রান্সে তুষারপাতজনিত সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফে পিচ্ছিল সড়কে ঘটে যাওয়া দুটি দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন। এছাড়া প্যারিস ও এর আশপাশের এলাকায় আলাদা দুটি দুর্ঘটনায় আরও দুইজন নিহত হন।
অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে একটি গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি তুষারপাতের কারণে শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
তীব্র শীত ও তুষারপাতের প্রভাবে ইউরোপজুড়ে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। প্যারিস ও আমস্টারডামের প্রধান বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, ফলে হাজারো যাত্রী দীর্ঘ সময় ধরে আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্রান্সের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, রানওয়ে থেকে তুষার পরিষ্কার করার জন্য বুধবার সকালে কয়েক ঘণ্টার জন্য রুয়াসি-শার্ল দ্য গল বিমানবন্দরের প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হবে। একই সময়ে অরলি বিমানবন্দরও তাদের প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেছে। অতিরিক্ত তুষারপাতের আশঙ্কায় সাধারণ মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডসেও পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বরফ গলানোর তরলের ঘাটতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ডাচ এয়ারলাইন কেএলএম সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে।
তুষারপাতের প্রভাব পড়েছে রেল যোগাযোগেও। নেদারল্যান্ডসে মঙ্গলবার সকালে আইটি বিভ্রাটের কারণে সাময়িকভাবে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৯টার পর কিছু ট্রেন চালু হলেও দিনভর নানা ধরনের সমস্যা অব্যাহত থাকে। একই কারণে আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলোর অনেকগুলো বাতিল করা হয়, আবার কিছু ট্রেন বিলম্বে চলাচল করে।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, আবহাওয়ার অবনতি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ফলে ইউরোপের বিভিন্ন দেশে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ভ্রমণের আগে সর্বশেষ পরিস্থিতি যাচাই করার আহ্বান জানানো হয়েছে।