মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।
আশ্রয়হীন মানুষকে আশ্রয় দিতে সমাজে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা হোক, মানবিক মানুষ হিসেবে আমাদের তা কখনোই কাম্য নয়। কিন্তু কোন কোন সময় চরম বাস্তবতায় এই সত্যটিকেও মেনে নিতে হয় কারণ, সমাজে অমানবিক কর্মকান্ডও ঘটে। সামর্থ্যবান মানুষরাও ব্যস্ততার অজুহাতে তাদের স্বজনদের দুরে ঠেলে দেন অথবা ইচ্ছে থাকলেও পাশে থেকে তাদের সেবা করার সময় পাননা। অগত্যা অনেককেই শেষ বয়সে এসে আশ্রয়হীন হয়ে মানবেতর জীবন যাপন করেন, মৃত্যুর অপেক্ষায় প্রহর গোনেন। তবে যাদের কেউই নেই, তাদেরকে আশ্রয় না দিলে কোথায় যাবে তারা? এমন পরিস্থিতি এবং মানবিক সমাজের কথা চিন্তা করে রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠা করা হয়েছে বিশেষ প্রতিষ্ঠান ‘আপন ভুবন বৃদ্ধাশ্রম’। সম্প্রতি এ প্রতিষ্ঠানে হাজির হলেন চিত্রনায়িকা রোজিনা।বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে করলেন ইফতার। তাদেরকে সঙ্গ দিতেই সেখানে যান তিনি। মায়েদের সঙ্গে গল্প করেই কাটালেন সুন্দর এক সন্ধ্যায় এমনটাই জানান এ অভিনেত্রী। রোজিনা বলেন, ‘এই বৃদ্ধাশ্রমে যারা থাকেন কেউ ইচ্ছা করেই এখানে আসেননি। পরিস্থিতি তাদের আজ এখানে এনেছে। আমাদের কারো কাম্য নয় যে, মায়েরা বৃদ্ধাশ্রমে থাকুক। তবে পরিস্থিতির শিকার বা অসহায় মা-দের জন্য আপন ভুবন বৃদ্ধাশ্রমের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’ শুধু বৃদ্ধাশ্রমেই নয়, চিত্রনায়িকা রোজিনা সব সময় মানবিক ও সামাজিক কাজে নিজের হাতকে প্রসারিত রেখেছেন। অসহায় মানুষের জন্য কিছু করা বা তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার প্রচেষ্টা তার সবসময় অব্যাহত রয়েছে।
এদিকে বৃদ্ধাশ্রমের মা-দের দেখতে রোজিনার এ আগমনকে অনুপ্রেরণা হিসাবেই দেখছেন ‘আপন ভুবন বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ’। কর্তৃপক্ষের দাবি বৃদ্ধাশ্রম আর ‘আপন ভুবন বৃদ্ধাশ্রম’ এক কথা নয়। তাদের মতে আপন ভুবন বৃদ্ধাশ্রম একটি চ্যারিটি প্রতিষ্ঠান। বিশেষ করে যাদের এ পৃথিবীতে আপন আর কেউ বেঁচে নেই এখানে সেই সকল মায়েদের ঠাঁই হয়েছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, ‘আপন ভুবন বৃদ্ধাশ্রম চ্যারিটি প্রতিষ্ঠান অসহায় আশ্রয়হীন মায়েদের জন্য আশ্রয়ের এক ব্যতিক্রমী প্রচেষ্টা, তাদের প্রত্যাশা রাব্বুল আলামীন এই মহৎ প্রচেষ্টার উদ্দেশ্যকে কবুল করবেন।’ মা তো মা-ই নিজেরই হোক অথবা অন্য কারো। বাংলাদেশের সকল মা থাকবেন সন্তানের সঙ্গে, নাতি-নাতনীর সঙ্গে এটাই কাম্য। কিন্তু এমন অসংখ্য মা আছেন যারা অকালে হারিয়েছেন সন্তানকে। যাপিত জীবনের নানা জটিলতায় দুর্ভাগ্যবশত গৃহহারা হয়েছেন । সন্তানহীন, পরিবারহীন এবং আশ্রয়হীন অবস্থায় রাস্তার ফুটপাতে কাটছে তাদের জীবন। বিগত পাঁচ বছর এইরকম মুসাফির মায়েদের জন্যই আপন ভুবন বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে তাদের আশ্রয়ের লক্ষে কাজ করে যাচ্ছে। এই মায়েরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছেন সুন্দর থাকার জায়গা, তিনবেলার খাবার, চা-নাস্তা এবং উন্নত চিকিৎসা সেবা।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায় এখানে আশ্রয় পাওয়া অসহায় মানুষগুলোর সেবার জন্য একজন ডাক্তার, ৩ জন নার্স, ৩ জন কুক, ৬ জন কেয়ারটেকার, ২ জন ক্লিনার এবং একজন গার্ড নিয়োজিত রয়েছে।
এখানে সেবার মান প্রসঙ্গে কর্তৃপক্ষ জানায়, নিজের সন্তান থাকলে তারা যেমন জীবন পেতেন, ঠিক সেভাবেই তাদেরকে আগলে রেখেছেন তারা। তাই এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে এগিয়ে নিতে তাদের পাশে থাকতে বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।
আহ্বান জানিয়ে তারা বলেন, ‘এতিম, বিশেষ করে বৃদ্ধা মায়েদের থাকা-খাওয়া এবং চিকিৎসার জন্য আপনি কিংবা আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিমাসে যাকাত অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিএসআর খাতের অনুদান বরাদ্দ দিয়ে এই মহৎ কাজে শরীক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রইলো । তাদের পুরো বছরের খাওয়া-দাওয়া, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয় সুনিশ্চিত হবে আপনার দেওয়া যাকাত সাদকার বিনিময়ে।’
তাদের আহ্বান চলুন, অসহায় মানুষদেরকে রাস্তার জীবন থেকে ভালোবাসাময় জীবনে ফিরিয়ে আনি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য জোর, জবরদস্তি নয়, যদি মন কাঁদে, মানবতার তাগিদে এবং দায়িত্ববোধ থেকে এগিয়ে আসুন। ভালো থাকুক, সুস্থ থাকুক, পৃথিবীর সকল মা। পবিত্র কোরআনে আল্লাহ তা’আলা ঘোষণা করেছেন, ‘তোমরা যে ব্যয়ই কর কিংবা যে কোন মানত কর, আল্লাহ নিশ্চয়ই তা জানেন (সুরা আল-বাকারা, আয়াত: ২৭০)।
অসহায় মানুষদেরকে সহযোগিতায় এই প্রতিষ্ঠানের পাশে থাকার আহ্বান জানিয়েছেন চ্যারিটি প্রতিষ্ঠান আপন ভুবন বৃদ্ধাশ্রমের জেনারেল সেক্রেটারি (ভলান্টিয়ার) জারা জামান।