জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে প্রায় শতাধিক নেতা কর্মী নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ জেলা বিএনপির নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার প্রায় ১০০ জন নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেছেন। এসময় জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাশেদ মাজমাদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শ মেনে বিএনপির রাজনীতির সাথে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। আমরা তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।
যোগদানের সময় জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ মজিদ, সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কালাম আজাদ পান্নু, সহ সভাপতি এনামুল কবির মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগদান করার সময় রাশেদ মাজমাদারের সাথে জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন বলেও জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
রাশেদ মাজমাদার জানিয়েছেন, তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতি করেছেন। আওয়ামী সরকার পতনের আগে থেকেই নিষ্ক্রিয় ছিলেন। এখন থেকে দলীয় নীতি আদর্শ মেনে বিএনপির রাজনীতি করতে চান। আসন্ন নির্বাচনে তার সমর্থকরা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন।