জেলা প্রতিনিধি, ফেনী
আজ ফেনী আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ
আজ ফেনী আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নানার জেলায় আগমণ উপলক্ষে ফেনীতে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে। ফেনীতে তারেক রহমানের আগমন রাজনৈতিকভাবে যতটা গুরুত্বপূর্ণ, খালেদা জিয়ার পৈত্রিক জেলা ফেনীর মানুষের কাছে ততটাই আবেগময়।
তারেক রহমানের জনসভাকে সফল করতে শনিবার (২৪ জানুয়ারি) রাতেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলীয় নেতাকর্মীরা। এর আগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২০০৬ সালে জনসভায় বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। আজ ঠিক একই স্থানে দুই দশক পর প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। চট্টগ্রামের সমাবেশ শেষ করে রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তারেক রহমান ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখার কথা রয়েছে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফসহ অন্যান্য বাহিনী রয়েছে। স্থানীয় প্রশাসনও নিরাপত্তায় কাজ করবেন। নিরাপত্তার বিষয়ে দলীয় নেতাকর্মীদেরও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা স্টেজ ও এর আশপাশে যেসব দলীয় নেতাকর্মী অবস্থান নেবেন তাদেরকে বিশেষ আইডি কার্ড দিচ্ছি। সাংবাদিকদেরকেও দেওয়া হবে প্রবেশ কার্ড। অথ্যাৎ পাস কার্ড ছাড়া কেউ স্টেজের দিকে আসতে পারবেন না।
তিনি বলেন, আমরা ধারণা করছি, বিএনপির ঘাঁটিতে তারেক রহমানের জনসভায় ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সব মানুষের ঠাঁই হবে না। তাই আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল বড় পর্দার ব্যবস্থা রেখেছি। যাতে করে তারেক রহমানের বক্তব্য শুনতে কারও কোনো সমস্যা না হয়।
দলীয় নেতাকর্মীরা বলেন, সব সময় বেগম খালেদা জিয়া ফেনীকে আগলে রাখতেন পরম মমতায়। ফেনীর যে কোনো সমস্যা ও সম্ভাবনায় খালেদা জিয়ার হাতের ছোঁয়ায় ফেনী সমৃদ্ধ হয়েছে। আমাদের প্রত্যাশা, খালেদা জিয়ার মত তারেক রহমানও আমাদেরকে মমতায় রাখবেন। ফেনীতে বন্যার কবল থেকে রক্ষা পেতে স্থায়ী বন্দোবস্ত করবেন। ফেনীর মানুষের দীর্ঘদিনের দাবি, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবেন।
ফেনী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, আমাদের প্রিয় নেতাকে বরণ করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। নানার বাড়িতে তাকে স্বাগত জানাতে ফেনীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। দল-মত নির্বিশেষে লাখো মানুষ এ জনসভায় অংশ নেবেন ইনশাআল্লাহ। শুধু ফেনী নয়, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ আশপাশের জেলা থেকেও বিপুল সংখ্যক মানুষ জনসভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।