1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাউল সাধনায় নিজেকে খুঁজে নেওয়া ডলি মণ্ডল - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বাউল সাধনায় নিজেকে খুঁজে নেওয়া ডলি মণ্ডল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

ডলি মণ্ডলের গানের যাত্রার শুরুটা ছিল তার বাবার হাত ধরেই। মজ্জুবি সাধক ফকির নিকবার শাহ্ তার গুরুর বাক্য অনুসরণ করেই ডলি মণ্ডলকে গান শেখানো শুরু করেন। গুরুবাদি মানুষের কাছে গুরুর বাণী খুবই তাৎপর্যপূর্ণ— “গুরুবাক্য বলবান, আর সব কিছু বাহ্যজ্ঞান।” সেই বাক্যকে শিরোধার্য করেই সমাজের নানা প্রতিকূলতা অতিক্রম করে তিনি মেয়েকে সংগীতের পাঠ দেন। এই সাধনাময় শিক্ষাই ডলি মণ্ডলের গানের ভিত গড়ে দেয়।
পারিবারিক পরিবেশ ছিল গভীরভাবে গান ও সাধনাকেন্দ্রিক। বাড়িতে নিয়মিত পালাগান ও লোকগানের আসর বসত। সেই আবহেই ছোটবেলা থেকে গানের সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পালাগানের প্রাথমিক শিক্ষা তিনি গ্রহণ করেন দাদাগুরু সাধন শাহ ফকিরের কাছে। এরপর মোতালেব মাস্টারের কাছে ক্লাসিক্যাল সংগীত ও হারমোনিয়ামে হাতেখড়ি হয় তার, যা তার সংগীতচর্চাকে আরও পরিপক্ব করে তোলে।
গানের প্রতি গভীর টান তাকে একসময় ঢাকায় নিয়ে আসে। রাজধানীতে এসে তিনি বাউল শফি মণ্ডলের সান্নিধ্যে আসেন এবং তার হাত ধরেই লালনসংগীতে পথচলা শুরু করেন। লালনের মানবতাবাদী দর্শন, আত্মার অনুসন্ধান আর বাউল সাধনাই ধীরে ধীরে তার সংগীতের মূল দর্শন হয়ে ওঠে।
নিজের গানের ভাবনা নিয়ে ডলি মণ্ডল বলেন, “বাউল গানেই নিজেকে সঁপে দিয়েছি। বাউল গানের সঙ্গে আমার আত্মার সম্পর্ক সেই ছেলেবেলা থেকেই। ‘যা আছে বিশ্বব্রহ্মাণ্ডেন তা আছে মানব ভাণ্ডে।’ পাঞ্জু সাঁইয়ের বাণীতে বলা হয়েছে, ‘বস্তুতে ঈশ্বর আছেন, কররে তার উল, যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল।’ আমি সবসময় সেই সুন্দরের অনুসন্ধানের চেষ্টাই করে চলেছি।”
বর্তমানে ডলি মণ্ডল একজন পূর্ণাঙ্গ সংগীতশিল্পী। এ পর্যন্ত তার নিজের মৌলিক গানের সংখ্যা প্রায় ৫০ থেকে ৬০টির মতো। তিনি মূলত সাঁইজির বাণী কণ্ঠে ধারণ করে থাকেন। পাশাপাশি সাঁইজির গানের বাইরে বেশ কিছু মৌলিক গানও করেছেন। এবারের ঈদে তার নতুন কিছু মৌলিক গান প্রকাশ পেয়েছে। আইকে মিউজিক স্টেশন থেকে একটি নতুন মৌলিক গানসহ আরও কয়েকটি গান প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। নিয়মিত টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন স্টেজ শোতেও গান পরিবেশন করছেন এই শিল্পী।
নিজের সংগীতচর্চাকে আরও গুছিয়ে এগিয়ে নিতে ডলি মণ্ডলের রয়েছে একটি গানের টিম, যার নাম “ভাবের শহর”। পাশাপাশি তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে “Doly Mondol Official” নামে, যেখানে নিয়মিত তার গান ও সংগীতভিত্তিক কনটেন্ট প্রকাশ করা হয়।
২০১৯ খ্রিষ্টাব্দে সংগীত রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-তে অংশ নিয়ে ডলি মণ্ডল সেরা দশে উত্তীর্ণ হন। এই অভিজ্ঞতাকে তিনি তার সংগীতজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেন। পরবর্তীতে ২০২২ খ্রিষ্টাব্দে একই অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট মেন্টর হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। সর্বশেষ ২০২৫ সালে বিভাগীয় পর্যায়ে আয়োজিত ‘ম্যাজিক বাউলিয়ানা’-তে বিচারকের দায়িত্ব পালন করেন ডলি মণ্ডল, যা তার দীর্ঘ সংগীতচর্চার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও তিনি সাঁইজির বাণী ছড়িয়ে দিচ্ছেন। সম্প্রতি শ্রীলঙ্কার পার্লামেন্টে সাঁইজির বাণী পরিবেশন করেন ডলি মণ্ডল, যা তার সংগীতজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন।
লোকগানের বর্তমান অবস্থান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ডলি মণ্ডল বলেন, “আমি একদম শেকড়টা আঁকড়ে আছি। লোকগানে আমি আমার শেকড়ের গন্ধ পাই। আমরা যতই আধুনিক কৃষ্টি-কালচারের সঙ্গে যুক্ত হই না কেন, দিনশেষে আমাদের মাটির টানটা থেকেই যায়। মা-মাটি, মাছে-ভাতে বাঙালির পরিচয় আমাদের সংস্কৃতির গভীরে প্রোথিত।”
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডলি মণ্ডল জানান, তিনি তার বাবা ফকির নিকবার শাহের আখড়াতেই একটি লাইব্রেরি, একটি সংগীত একাডেমি এবং সাধুদের জন্য একটি আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে চান। এই উদ্যোগের মাধ্যমে আখড়া সংস্কৃতি, বাউল দর্শন ও লোকসংগীতের ধারাকে প্রাতিষ্ঠানিকভাবে টিকিয়ে রাখাই তার মূল লক্ষ্য।
এদিকে পয়লা বৈশাখের দিন স্টেজ শো ও টেলিভিশন অনুষ্ঠানে ব্যস্ত সময় কাটবে তার। ডলি মণ্ডলের বিশ্বাস, শেকড়ের গান ও আত্মার সাধনাকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলে বাউল সংগীত সবসময়ই মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট