মোহাম্মদ আলাউদ্দিন স্পেশাল করেসপন্ডেন্ট।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ভোটের হাওয়া সরগরম হয়ে উঠছে। শহর থেকে গ্রাম সবখানেই প্রচারের রং লেগেছে। রাস্তায় রাস্তায় মাইকিং, পাড়া-মহল্লায় ছোট-বড় সভা সব মিলিয়ে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা চোখে পড়ছে প্রার্থী ও কর্মীদের মধ্যে।
প্রধান রাজনৈতিক দলগুলো ভোটারদের মন জয়ের জন্য একাধিক প্রতিশ্রুতি সামনে আনছে। কোথাও উন্নয়ন, কোথাও কর্মসংস্থান, আবার কোথাও সামাজিক সুরক্ষা ইস্যু হয়ে উঠছে প্রচারের মূল সুর। নেতাদের কথার লড়াই যেমন জমে উঠেছে, তেমনই সামাজিক মাধ্যমে চলছে প্রচারযুদ্ধ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম সবখানেই সক্রিয় প্রচার।
চায়ের দোকান, বাসস্ট্যান্ড কিংবা বাজার সব জায়গাতেই রাজনৈতিক আলোচনা চলছে জোরকদমে। কেউ উন্নয়নের হিসাব কষছেন, কেউ আবার পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন। প্রথমবার ভোট দিতে চলা তরুণদের মধ্যেও উৎসাহ চোখে পড়ার মতো। অন্যদিকে, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রশাসনও তৎপর।
নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে নজরদারি। সব মিলিয়ে, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের রাজনীতির পারদ ক্রমে চড়ছে, আর সেই উত্তাপেই সরগরম হয়ে উঠেছে জনজীবন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। নেতা-কর্মীরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। উন্নয়ন-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-ফ্যাসাদ করতে চায় না বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, বিজয় আমাদের দ্বারপ্রান্তে। কোনো চক্রান্তের ফাঁদে পা না দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল দুপুরে নিজের নির্বাচনি প্রচারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব গতকাল সকালে নির্বাচনি এলাকার খিলগাঁও তিলপাপাড়া মার্কেটের কাপড়ের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে নির্বাচনি প্রচার শুরু করেন। পরে নির্বাচনি এলাকার পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী ৬৪ নম্বর ওয়ার্ডের অলি-গলিতে সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন। এ সময় এখানে বিভিন্ন নাগরিক বিড়ম্বনা ও সমস্যার কথা শোনেন। বিজয়ী হতে পারলে এ আসনকে একটি মডেল হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রাজধানীর কলাবাগানে ১৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। পরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গোপীবাগ সপ্তম লেনে এলাকাবাসীর উদ্যোগে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে পথসভায় বক্তব্য দেন। এরপর ভোট চেয়ে প্রচার চালান। তিনি স্থানীয়দের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন নির্বাচনি এলাকায় গণসংযোগ করেন। তিনি মানুষের কথা শোনেন। ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম গতকাল সকালে রাজধানীর হাতিরঝিলে সামাজিক সংগঠন ‘ভোরের সাথি প্রভাতি সংঘ’র সদস্যদের সঙ্গে নির্বাচনি প্রচারে অংশ নেন। এরপর তিনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেন গতকাল নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় উঠান বৈঠকের সময় প্রতিপক্ষ দলের লোকজন উসকানিমূলক আচরণ করে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন। ঢাকা-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী মীর আবদুস সবুর আসুদ ডেমরা, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট চান। ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন নির্বাচনি এলাকায় দিনভর গণসংযোগ, পথসভা করেন। ঢাকা-৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী টি এইচ মোস্তফা দীপু নির্বাচনি এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নির্বাচনি প্রচারের সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগ করেন। রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী শরীফ উদ্দিন সমাবেশ করেছেন তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের কাঠালপাড়ায়। রাজশাহী-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহীর মাদ্রাসা মাঠে সংবাদ সমে¥লন করেন। জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর প্রচার চালিয়েছেন রুয়েট এলাকায়। রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন প্রচার চালিয়েছেন মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নে। দিনাজপুর-৬ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার ও গণসংযোগ করেন। এ সময় তিনি বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এলাকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল সদর উপজেলার পশ্চিমাঞ্চলের নাটাই উত্তর, দক্ষিণ ও সাদেকপুর ইউনিয়নের ওলামাদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনি প্রচার শুরু করেন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, আওয়ামী লীগ এখন মাঠে নেই। যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক রয়েছেন তারা আমাকে ধানের শীষে ভোট দিন। আপনাদের নিশ্চয়তা আমি দেব। গতকাল বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোজানা গ্রামে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। পরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ সকালে চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় বক্তৃতা করেন। পরে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বিকালে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে অংশ নেন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চেয়ে প্রচার চালিয়েছেন।