মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।
বাংলাদেশের টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ায় ধারাবাহিকতা, দক্ষতা ও বিশ্বাসযোগ্যতার যে কজন মুখ আছে, তমা রশিদ তাদের অন্যতম। দুই দশকের বেশি সময় ধরে উপস্থাপনা জগতে সক্রিয় থেকে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন শক্তিশালী কমিউনিকেটর ও প্রভাবশালী প্রেজেন্টার হিসেবে।
শৈশব থেকেই সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তমা রশিদ।
বাংলাদেশ শিশু একাডেমিতে নৃত্য শিক্ষার মাধ্যমে তার শিল্পীসত্তার বিকাশ শুরু। খুব অল্প বয়সেই বিজ্ঞাপন মাধ্যমে কাজের সুযোগ পান তিনি। Dandy Dyeing-এর ফ্যাশন মডেল হিসেবে কাজ করার পাশাপাশি Yummy Bubble Gum ও Yummy Chocolate-এর বিজ্ঞাপনে অংশ নেন।
২০০২ সালে মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও ২০০৭ সালে পড়াশোনার জন্য সাময়িক বিরতি নেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে নতুন উদ্যমে আবার ফিরে আসেন মিডিয়ায়। এই সময়ে ইমো বাংলাদেশ, গ্রামীণফোন ও প্রাণ-এর একাধিক বিজ্ঞাপনে কাজ করেন। পাশাপাশি রেডিও একাত্তর এবং পরবর্তীতে ABC Radio-তে আরজে হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশনে (BTV) সংবাদ পাঠক হিসেবেও কাজ করেন তিনি।
টেলিভিশনে প্রোগ্রাম হোস্ট হিসেবে তার পথচলা শুরু হয় ATN Bangla-তে। এরপর ধারাবাহিকভাবে BTV, NTV, RTV, ETV, Banglavision, ATN Bangla, Nexus TV, Asian TV ও নাগরিক টিভিসহ দেশের প্রায় সব শীর্ষ টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করেছেন তমা রশিদ।
তার উপস্থাপিত জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Flash Talk, The Talk Show, The Celebrity Show এবং সেরা রাঁধুনি ১৪২৯-এর অডিশন রাউন্ড। ডিজিটাল প্ল্যাটফর্মে “তারাবেলা” উপস্থাপনার মাধ্যমে আলোচনায় এলেও Flash Talk-ই তাকে সর্বাধিক পরিচিতি এনে দেয়।
উপস্থাপনার পাশাপাশি লেখালেখিতেও সক্রিয় তমা রশিদ। তার লেখা প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘কর্পোরেট হিরো’, ‘ওয়ে টু কমিউনিকেট’ এবং ‘মার্কেটিং ইনসাইটস ফ্রম এ টু জেড’। বইগুলো কর্পোরেট ও তরুণ পাঠকদের মধ্যে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
শিক্ষাজীবনেও তিনি ছিলেন সমানভাবে কৃতী। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে কেস কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন ও লেখালেখি প্রতিযোগিতায় একাধিক পুরস্কার অর্জন করেন তিনি।
কাজের স্বীকৃতি হিসেবে তমা রশিদ পেয়েছেন বহু সম্মাননা। এর মধ্যে রয়েছে কৃতি নারী সম্মাননা ২০২০, লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫, ডিজিটাল ক্রিয়েটরস অ্যাওয়ার্ড ২০২৫, ইন্টারন্যাশনাল ডিজিটাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫, বাংলাদেশ পিনাকল অ্যাওয়ার্ড ২০২৫ এবং গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫। এছাড়া Mrs Universe Bangladesh 2022 প্রতিযোগিতায় তিনি Best Speaker খেতাব অর্জন করেন।
আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তমা রশিদ। তিনি Mrs Independent International Bangladesh 2026 হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
মিডিয়া, কমিউনিকেশন ও ব্যক্তিত্বের সমন্বয়ে তমা রশিদ আজ শুধু একজন সফল উপস্থাপিকা নন। তিনি নতুন প্রজন্মের জন্য আত্মবিশ্বাস, দক্ষতা ও দৃঢ়তার এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।