নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ভোটারদের হাতের নাগালে তথ্য পৌঁছে দিতে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট চালু করা হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা এখন থেকে www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং ‘Smart Voter Info BD’ অ্যাপের মাধ্যমে সহজেই তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে নিজের জন্ম তারিখ এবং ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর লিখে সার্চ দিলেই মিলবে ব্যক্তিগত ভোটার স্লিপ।
অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, প্রযুক্তির এই যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত তথ্য নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক। এর ফলে ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই তাদের ভোটকেন্দ্রের অবস্থান নিশ্চিত করতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রার্থীর সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ বিএনপি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।