মো. হাবিবুর রহমান, নড়াইল
জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের আয়োজনে ব্যতিক্রমী আনন্দ উৎসবে মেতে উঠলেন নড়াইলের বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদরের গোপিকান্তপুর গ্রামে ‘বেলা শেষে’ বৃদ্ধাশ্রমে নবীন-প্রবীণের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য অনিক হাসান, সৌরভ, সাকিব মোল্যা, চৈতী চক্রবর্তী, লিজা, সৈয়দ পিয়াসসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সাজ-সজ্জায় আলোকিত করা হয় গোপিকান্তপুর গ্রামের ‘বেলা শেষে’ বৃদ্ধাশ্রম। এসময় বয়োবৃদ্ধদেরকে ফুলেল শুভেচ্ছা, কেককাটা, নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার, খেলাধূলা, পুরস্কার বিতরণ ও গানের আয়োজন করা হয়।
বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ-নিস্তব্ধতা ভেঙে শুরু হয় আনন্দ-উৎসব। ফুলেল শুভেচ্ছার পাশাপাশি গান গেয়ে আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। এছাড়া বেলুন ফাটিয়ে আনন্দে উৎফুল্ল হন নবীন-প্রবীণরা।
বৃদ্ধাশ্রমের বিভিন্ন বয়সের প্রবীণরা বলেন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ছেলে-মেয়েরা ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের এইদিনে আমাদের মাঝে কেক কেটেছে, নতুন পোশাক উপহার দিয়েছে। এছাড়া উন্নতমানের খাবার, খেলাধূলা ও পুরস্কৃত করে আমাদের মনে ক্ষণিকের জন্য হলেও আনন্দের দোলা দিয়েছে। এ সময় ফেলে আসা রঙিন দিনগুলোর কথাই স্মৃতিপটে ভেসে ওঠে। এই আয়োজনে মুগ্ধ আমরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ বলেন, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছিল। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ব ভালোবাসা দিবসে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করে আসছি। সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছি আমরা। পারিবারিক সহযোগিতা এবং পড়ালেখার খরচ থেকে টাকা জমিয়ে সংগঠনের ৪৫ জন সদস্য সবসময় মানবিক কাজ করে যাচ্ছেন।