1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কিয়ারাই হচ্ছেন পর্দার মীনা কুমারী - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

কিয়ারাই হচ্ছেন পর্দার মীনা কুমারী

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

কিয়ারা আদভানি।

বলিউডে অনেক দিন ধরেই জল্পনা চলছে মীনা কুমারীর বায়োপিক নিয়ে। কে হবেন পর্দার ট্র্যাজেডি কুইন? শোনা যাচ্ছিল কয়েকজন অভিনেত্রীর নাম। কখনো কৃতি শ্যানন, কখনো কিয়ারা আদভানি, আবার তৃপ্তি দিমরির নামও শোনা গিয়েছিল। অবশেষে চূড়ান্ত হলো সিদ্ধান্ত। সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘কামাল অউর মীনা’ সিনেমায় মীনা কুমারী হতে যাচ্ছেন কিয়ারা আদভানি।

মীনা কুমারীর বায়োপিক তৈরির অনুমতি মিলেছে তাঁর পরিবারের পক্ষ থেকে। ‘পাকিজা’খ্যাত পরিচালক কামাল আমরোহিকে বিয়ে করেছিলেন মীনা। সিনেমায় কাজ করতে গিয়েই পরস্পরের কাছাকাছি আসেন তাঁরা। গোপনে বিয়ে করেন। তবে সম্পর্কটি শেষ পর্যন্ত সুখের হয়নি। কামাল ও মীনা কুমারীর এই বেদনাবিধুর সম্পর্ক বায়োপিকটির মূল বিষয়। জানা গেছে, আমরোহি পরিবারই উদ্যোগ নিয়ে সিনেমাটি তৈরি করছে।

বিশাল বাজেট ও জাঁকজমকপূর্ণ পরিকল্পনায় তৈরি হচ্ছে কামাল অউর মীনা সিনেমাটি। নির্মাতাদের দাবি, বলিউডের ইতিহাসে অন্যতম বড় আয়োজনের বায়োপিক হতে চলেছে এটি। নির্মাতারা মনে করছেন, মীনা কুমারীর চরিত্রটির জন্য যে আবেগ, গভীরতা আর আভিজাত্যপূর্ণ রূপ দরকার, তা রয়েছে কিয়ারার মধ্যে। তাঁদের বিশ্বাস, মীনার চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন একমাত্র কিয়ারাই। কামাল অউর মীনা হতে চলেছে কিয়ারা অভিনীত প্রথম বায়োপিক। মা হওয়ার পর এ প্রজেক্ট দিয়েই ক্যামেরার সামনে ফিরবেন তিনি। এতে অভিনয়ের জন্য উর্দু শিখবেন কিয়ারা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী বছরের প্রথমার্ধে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০২৬ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা। মীনা কুমারী আর কামাল আমরোহির সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা আর বিভেদই এ সিনেমার মূল ভিত্তি। তাই পর্দায় কে হবেন কিয়ারার নায়ক, সেটাই এখন সবচেয়ে আগ্রহের বিষয়।

মীনা কুমারী ভারতীয় সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। দর্শকদের কাছে তিনি পরিচিত ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে। কারণ, দুঃখের দৃশ্যে তাঁর অভিনয় ছিল মনে দাগ কাটার মতো। ‘বৈজু বাওরা’, ‘পরিণীতা’, ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘কাজল’, ‘পাকিজা’সহ ৯০টির বেশি সিনেমায় নিজের অভিনয়প্রতিভার ছাপ রেখে গেছেন মীনা কুমারী। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু হয় এই কিংবদন্তির।

মীনা কুমারীর বায়োপিকটি কিয়ারার ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন হিসেবে ধরা হচ্ছে। কারণ, এ চরিত্রে কিয়ারাকে এমন এক নারীকে ফুটিয়ে তুলতে হবে, যাঁর জীবনভর দুঃখ, প্রেম, অপমান, যন্ত্রণা আর নিঃসঙ্গতায় মোড়া ছিল। এই চরিত্রে নির্মল বিষণ্নতা তুলে ধরতে পারলেই কিয়ারা হয়ে উঠবেন ‘নতুন ট্র্যাজেডি কুইন’।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট