জিহাদুল ইসলাম জিহাদ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে তাঁর নির্বাচনী এলাকায় গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এসব অনিয়মের বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন।
অভিযোগে আরও বলা হয়, এর আগেও বিএনপি দলীয় জোট প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা ইউএনওকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ইউএনওর এমন ভূমিকার কারণে সরাইল উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না সে বিষয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।
বিএনপি থেকে বহিষ্কৃত ওই নেত্রী অভিযোগে উল্লেখ করেন, ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি তিনি অনুরোধ জানান।
এদিকে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালী শিমুল গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দেন রুমিন ফারহানা। তিনি বলেন, “আমাদের এই সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার। এই সরকারের সময় আমি পুলিশ ও প্রশাসনকে বলব, আপনারা নিরপেক্ষ থাকবেন। কোনো দল বা প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমরা হাসিনার আমলের পুনরাবৃত্তি দেখতে চাই না।”
তিনি আরও বলেন, “আমলা হলেই রাজা হয়ে যান না। আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। তাই সাধারণ মানুষের সঙ্গে ভদ্র ও নম্র আচরণ করতে হবে। আইন অনুযায়ী মানুষের সমস্যা সমাধান করা আপনাদের দায়িত্ব।”
জনসভায় তিনি পুলিশ, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মানুষের ক্ষমতা ৫ আগস্ট ২০২৪-এ দেখেছেন। মানুষকে ক্ষেপাবেন না, মানুষের রায়ের বিরুদ্ধে যাবেন না। মানুষের প্রতিনিধিকে ফাউল করে সরানোর চেষ্টা করলে তার দাঁতভাঙা জবাব আমার এলাকার মানুষই দেবে।