1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
১৯ দিনে ৪৩ জনসভা করে রেকর্ড গড়লেন তারেক রহমান - সংবাদ এইসময়
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

১৯ দিনে ৪৩ জনসভা করে রেকর্ড গড়লেন তারেক রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম

১৯ দিনে তারেক রহমানের ৪৩ জনসভা
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি নির্বাচনি প্রচারের শুরুর দিন থেকে দলের বার্তা নিয়ে যান শহর থেকে গ্রামে, প্রান্তর থেকে লোকালয়ে। নির্বাচনি প্রচারে ১৯ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৩টি নির্বাচনি জনসভা ও পথসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান। এসব কর্মসূচিতে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে দেশ গঠনে নিজের পরিকল্পনা তুলে ধরেন জনসভাগুলোতে। সেই সঙ্গে অঞ্চলভিত্তিক নানা উন্নয়ন কর্মসূচির প্রতিশ্রুতিও দেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়াও প্রতিবার সিলেটে মাজার জিয়ারতের পর নির্বাচনি প্রচার শুরু করতেন। সেই ঐতিহ্য ধারণ করে প্রথমবারের মতো তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনি প্রচার সিলেট থেকেই শুরু হয়। ১৯ দিনের নির্বাচনি সফরের অধিকাংশ স্থানে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জনসভায় ধানের শীষ প্রতীককে নির্বাচনে বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক সমর্থন তুলে ধরার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।

নির্বাচনি প্রচারের প্রথমদিন ২২ জানুয়ারি সাতটি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। প্রথম জনসভা হয় সিলেট আলিয়া মাদরাসার মাঠে। সেখান থেকে পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি প্রচারাভিযান চালান তিনি। এরপর ২৩ জানুয়ারি বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের ভাষানটেক বিআরবি ময়দানে নির্বাচনি প্রচারে অংশ নেন। ২৫ জানুয়ারি চট্টগ্রামে পলোগ্রাউন্ডে ফের প্রচারে অংশ নেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে জনসভায় বক্তব্য দেন। একদিন বিরতি দিয়ে ২৭ জানুয়ারি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে ফের নির্বাচনি প্রচারে অংশ নেন। সেখান থেকে ফেরার পথে গাজীপুর এবং শেষে ঢাকার উত্তরায় নির্বাচনি সমাবেশ করেন।

২৯ জানুয়ারি উড়াল পথে উত্তরাঞ্চলে যান তারেক রহমান। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদী আমলের দীর্ঘ নির্বাসন শেষে বগুড়ায় পৈতৃক ভিটায় প্রথমবারের মতো পা রাখেন তিনি। সেখান থেকে বিকেলে রংপুরে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রংপুরে নির্বাচনি সমাবেশে যোগ দেন। সেখান থেকে ফিরে বগুড়ায় রাতযাপন শেষে ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা করেন।

একদিন বিরতি দিয়ে ২ ফেব্রুয়ারি খুলনা ও যশোরে নির্বাচনি সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান। এরপর ৪ ফেব্রুয়ারি হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে তিনি নগরের বান্দ রোডের বেলস পার্কের জনসভায় বক্তব্য দেন।

সেখান থেকে হেলিকপ্টারে ফরিদপুর গিয়ে জনসভা করেন। পরে গত শনিবার (৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে যান। এই সফরে তিন জেলা— ঠাকুরগাঁও, নীলফামারী হয়ে দিনাজপুরে জনসভা করেন তিনি।

সবশেষ গত রবি ও সোমবার ঢাকার ১৫টি স্থানে জনসভায় যোগ দেন তারেক রহমান।

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটকালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
সিলেটে প্রথম জনসভা

গত ২১ জানুয়ারি রাতে ঢাকা থেকে বিমানযোগে সিলেট পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে শাহজালাল (রহ.)-এর মাজারে যান। শাহজালাল মাজার জিয়ারতের পর হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

পরের দিন সকালে স্থানীয় একটি হোটেলে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখান থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে নির্বাচনি প্রথম জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান।

চট্টগ্রামে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

গত ২৫ জানুয়ারি চট্টগ্রামে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, দেশের জনগণ পাশে থাকলে কঠোরহস্তে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে। যাতে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন।

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি

গত ৪ ফেব্রুয়ারি ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, ফরিদপুরকে বিভাগ করার যে দাবি রয়েছে, নির্বাচনে জয় পেলে তা পূরণ করা হবে। জেলার অন্যতম সমস্যা নদী ভাঙনের সমাধান করার প্রতিশ্রুতিও দেন তিনি।

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করার ঘোষণা

গত শনিবার ঠাকুরগাঁও জনসভায় ব্যাপক স্বাস্থ্য রূপান্তর বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। এরই অংশ হিসেবে জেলায় নতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্ভাবনা, ডোর-টু-ডোর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি কৃষি, শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য ‘ফার্মার কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ নীতির কথা বলেছেন। সেই সঙ্গে বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

ঢাকায় খেলার মাঠ ও প্রশস্ত সড়কের প্রতিশ্রুতি

গত রোববার রাজধানীতে জনসভায় তারেক রহমান ঢাকাকে একটি ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি এবং সড়কগুলো প্রশস্ত করা হবে। ঢাকাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলা হবে, যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট