1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মাহে রমজানের পূর্ণ বরকত লাভে করণীয় - সংবাদ এইসময়
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

মাহে রমজানের পূর্ণ বরকত লাভে করণীয়

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নুরুল আলম।

মাহে রমজানের পূর্ণ বরকত লাভে করণীয়
প্রকৃতিতে বসন্তের আগমন যেমন নতুন প্রাণের সঞ্চার করে, তেমনি মাহে রমজান মুমিনের আত্মিক জগতকে পরিশুদ্ধ করে আমলকে দেয় নতুন গতি। রমজান কেবল পানাহার বর্জনের মাস নয়; বরং এটি আত্মসংযম, ক্ষমা ও খোদাভীতি বা তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। শাবান মাস থেকেই শুরু হয় কোরআন নাজিলের এই পবিত্র মাসের প্রতীক্ষা।

রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই রহমতের ঘোষণা হতে থাকে। হাদিসের বর্ণনা অনুযায়ী, এক অদৃশ্য ঘোষক তখন ঘোষণা করতে থাকেন- ‘হে কল্যাণ অন্বেষী, তুমি সুসংবাদ গ্রহণ করো, নেকির পথে তুমি আরো বেগবান হও। ওহে অকল্যাণের পথিক, তুমি নিবৃত্ত হও, নিয়ন্ত্রিত হও।’ (তিরমিজি: ৬৮২)

রোজার গুরুত্ব ও আধ্যাত্মিক সুফল
রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশা নিয়ে রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে।’ (সহিহ বুখারি: ৩৮) এই মাসের প্রতিটি অনুষঙ্গ- সাহরি, ইফতার, তারাবি ও তেলাওয়াত বান্দাকে আধ্যাত্মিক উচ্চতায় উন্নীত করে। নবীজি (স.) আরও জানিয়েছেন, ‘যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজানের রাতগুলোতে ইবাদত (কিয়াম) করবে, তার বিগত পাপসমূহ ক্ষমা করা হবে।’ (সহিহ বুখারি: ২০০৯)

অর্থনৈতিক নৈতিকতা ও সহমর্মিতা
রমজান সহমর্মিতার মাস হলেও এ সময়ে একদল অসাধু ব্যবসায়ীর দ্রব্যমূল্য বাড়ানো বা পণ্য মজুদকরণের প্রবণতা দেখা যায়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড ইসলামের মৌলিক চেতনার পরিপন্থী। রাসুলুল্লাহ (স.) কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যে ব্যক্তি মুসলমানদের ওপর দ্রব্যমূল্য বাড়ানোর উদ্দেশ্যে পণ্য মজুদ করে, সে নিঃসন্দেহে গুনাহগার।’ (মুসনাদে আহমদ: ৮৬১৭) তাই সংযমের মাসে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর মানসিকতা লালন করা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব।

সময় ব্যবস্থাপনা ও বাজার-সংস্কৃতি
ঈদকে কেন্দ্র করে রমজানের শেষ দিকে কেনাকাটার যে তীব্র ভিড় তৈরি হয়, তা অনেক ক্ষেত্রে ইবাদতের পরিবেশকে বিঘ্নিত করে। বিশেষ করে রমজানের শেষ দশক লাইলাতুল কদর অন্বেষণ ও ঐকান্তিক ইবাদতের জন্য নির্ধারিত। রাসুলুল্লাহ (স.) এ সময়ে কোমর বেঁধে ইবাদতে মশগুল থাকতেন। (সহিহ বুখারি: ২০২৪) পবিত্র এই রজনীগুলোর মর্যাদা রক্ষায় পরিবারের সদস্যদের উচিত কেনাকাটার কাজ আগেভাগে সেরে ফেলা, যাতে শেষ সময়ে পরিবারে ইবাদতের পরিবেশ বজায় থাকে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘এই মহিমান্বিত মাসে একটি রজনী রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত থাকল, সে যেন সব কল্যাণ থেকেই বঞ্চিত হলো।’ (ইবনে মাজাহ: ১৬৪৪)

প্রস্তুতি ও আত্মসমালোচনা
রমজানের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। তাই অযথা সময়ক্ষেপণ ও ডিজিটাল ডিভাইসের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে ইবাদতে মনোনিবেশ করা জরুরি। রমজান পেয়েও যে ব্যক্তি নিজেকে পাপমুক্ত করতে পারল না, তার জন্য হাদিসে কঠোর সতর্কতা এসেছে। নবীজি (স.) যখন মিম্বারে আরোহণ করছিলেন, তখন জিবরাইল (আ.)-এর দোয়ার পরিপ্রেক্ষিতে তিনি তিনবার ‘আমিন’ বলেছিলেন। এর মধ্যে একটি ছিল- ‘সেই ব্যক্তি হতভাগা, যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না।’ (মুসনাদে আহমদ: ৭৪৫১)

রমজান প্রতিবছর আমাদের দ্বারে আসে আত্মিক পরিশুদ্ধির বার্তা নিয়ে। বুদ্ধিমান তো সে-ই, যে সময়ের গুরুত্ব অনুধাবন করে আগে থেকেই আমলি জীবনের নতুন রুটিন তৈরি করে নেয়। সংযম ও ইবাদতের মাধ্যমে জীবনকে সাজানোর এই সুযোগ যেন হেলায় না হারায়, সে ব্যাপারে সচেতন থাকা জরুরি। আল্লাহ আমাদের রমজানের পূর্ণ বরকত হাসিল করার তাওফিক দান করুন। আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট